জ্বালানি সঙ্কটের আশঙ্কায় কোভিড-স্টাইল বিধিনিষেধ ভাবছে পাকিস্তান



The Expozious Desk: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়াতেও। জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় ২৮ দিনের পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে। পাশাপাশি প্রায় ১০ দিনের ক্রুড অয়েল এবং ১৫ দিনের এলপিজি (LPG) মজুত রয়েছে বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলিতে সমস্যা তৈরি হলে পাকিস্তানের মতো আমদানি-নির্ভর দেশগুলির উপর তার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে জ্বালানি ব্যবহার কমাতে কোভিড-১৯ মহামারির সময়কার মতো কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান সরকার। এর মধ্যে সরকারি ও বেসরকারি অফিসে ওয়ার্ক-ফ্রম-হোম চালু করা, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা এবং কর্মদিবস কমানোর মতো প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

তবে পাকিস্তান সরকার জানিয়েছে, বর্তমানে দেশে তেলের কোনও তাৎক্ষণিক ঘাটতি নেই। ভবিষ্যতে সম্ভাব্য সংকট এড়াতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট দফতর।

মন্তব্যসমূহ