The Expozious Desk: দেশে দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রচার চললেও এবার উল্টো পথে হাঁটার ইঙ্গিত দিল অন্ধ্রপ্রদেশ সরকার। জন্মহার ক্রমশ কমে যাওয়ায় পরিবারকে আরও সন্তান নিতে উৎসাহ দিতে নতুন জনসংখ্যা নীতি আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, দ্বিতীয় সন্তান বা তার বেশি সন্তান জন্মালে বাবা-মাকে প্রায় ২৫ হাজার টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। রাজ্য বিধানসভায় এই প্রস্তাবের কথা জানিয়ে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশে বর্তমানে মোট জন্মহার বা টোটাল ফার্টিলিটি রেট প্রায় ১.৫-এ নেমে এসেছে, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ২.১-এর তুলনায় অনেক কম।
বিশেষজ্ঞদের মতে, জন্মহার ক্রমশ কমে গেলে ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। সেই কারণেই সরকার নতুন জনসংখ্যা ব্যবস্থাপনা নীতি নিয়ে ভাবছে। এই নীতিতে শুধু আর্থিক প্রণোদনাই নয়, মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি এবং পরিবার-সহায়ক বিভিন্ন প্রকল্পও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গিয়েছে।
সরকারি সূত্রে খবর, প্রস্তাবিত নীতিটি চূড়ান্ত হলে খুব শিগগিরই তা কার্যকর করা হতে পারে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন