জম্মুতে সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর ওপর হামলার চেষ্টা, অল্পের জন্য রক্ষা


 The Expozious Desk: ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ জম্মু শহরের একটি বিয়ের অনুষ্ঠানে গুলির হামলার চেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। নিরাপত্তারক্ষীদের দ্রুত পদক্ষেপে হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাশ এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি খুব কাছ থেকে পিস্তল দিয়ে গুলি চালানোর চেষ্টা করে। 

তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত হামলাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং আবদুল্লাহ অক্ষত অবস্থায় রক্ষা পান। 

ঘটনার সময় জম্মু-কাশ্মীরের ডেপুটি মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী-সহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন, কিন্তু কেউ আহত হননি। 


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম কামাল সিং জামওয়াল (৬৩)।

তিনি জম্মুর পুরানি মান্ডি এলাকার বাসিন্দা এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। 

তদন্তে জানা গেছে, হামলাকারীর কাছে একটি পিস্তল ছিল এবং সে দীর্ঘদিন ধরে ফারুক আবদুল্লাহকে হত্যা করার পরিকল্পনা করছিল। 

ঘটনার পর প্রতিক্রিয়ায় ফারুক আবদুল্লাহ বলেন,

তিনি প্রথমে গুলির শব্দকে আতশবাজির শব্দ মনে করেছিলেন এবং পরে বুঝতে পারেন এটি হামলার চেষ্টা ছিল। তিনি বলেন,

“ঈশ্বর আমাকে রক্ষা করেছেন।” 

ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে—কারণ উচ্চ পর্যায়ের নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলাকারী কীভাবে এত কাছে পৌঁছাতে পারল তা তদন্ত করছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী কোনো যোগসূত্র পাওয়া যায়নি, তবে পুরো বিষয়টি তদন্তাধীন। 

মন্তব্যসমূহ