The Expozious Desk: বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক অস্থিরতার মাঝেই নতুন অধ্যায়ের সূচনা। দেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) দায়িত্ব দেওয়ার পরই আন্তর্জাতিক মঞ্চে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত মিলছে।
সম্প্রতি বোর্ড ভেঙে দিয়ে অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন তামিম। নতুন এই নেতৃত্বের প্রধান লক্ষ্য—বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন।
বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ইতিবাচক সুর শোনা যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অস্বীকার করায় দুই দেশের ক্রিকেট সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই নতুন বোর্ড ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আগ্রহ দেখিয়েছে।
সূত্রের খবর, বাংলাদেশ ইতিমধ্যেই ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছে এবং একইসঙ্গে ভারতকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সূচি ঘোষণা হয়নি, তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ বাড়ছে বলে জানা যাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে ভবিষ্যৎ প্রশাসনিক স্থিতিশীলতা এবং দুই বোর্ডের পারস্পরিক সমঝোতার উপর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন